জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও তার পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার এনসিপি নেতার নাম মেহেদী হাসান (১৯) ও তার পরিবারের তিন সদস্য। মেহেদী হাসান কলমাকান্দা উপজেলা সমন্বয় কমিটির সদস্য।
পরে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় মামলা করেছেন ওই এনসিপি নেতা।
মামলার এজাহারে বলা হয়, বুধবার দুপুরে মেহেদীর বাবা মো. মানিক মিয়া (৬৩) ও আজগড়া গ্রামের মনির মিয়ার (২৮) মধ্যে ধান ক্ষেতের আইল নিয়ে কথা-কাটাকাটি হয়।
পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
আরও পড়ুন : ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’—কারণ দর্শানোর নোটিশে নাসীরুদ্দীন পাটওয়ারী
তবে কিছুক্ষণ পর মনির মিয়াসহ ৭-৮ জনের একটি দল মেহেদী হাসান, তার বাবা মো. মানিক মিয়া ও বড় ভাই মো. আকাশ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে মেহেদীর অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা ডেস্ক 









