নড়াইলে কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে প্রায় ২০ বছর আগে। তারপর জায়গাটি এতদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এতে ভবন ও এর আশেপাশে আগাছার জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এবার সেই স্থানটি পরিষ্কার করে তাকে মসজিদে রূপান্তরিত করা হচ্ছে।
জানা গেছে, ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক ম শাফায়াত আলী। এর কিছুদিন পর সেখানে ‘আল্পনা’ নামে একটি সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রায় দুই দশক আগে সিনেমা হল বন্ধ হয়ে যায়। তখন থেকে ভবনটি খালি পড়েছিল। সেখানেই এখন ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ প্রতিষ্ঠা করা হচ্ছে।
ইতোমধ্যে তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়েছেন।
আরও পড়ুন : স্ত্রী হিসেবে দাবি করায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতন
‘সাথী ভাই’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রায়হান শেখ সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ! কালিয়া নড়াইলের আল্পনা সিনেমা হল এখন মারকাজ মসজিদ। যেখানে এক সময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে জায়গা করে নেবে ঈমানের নূর।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান বলেন, এখন থেকে ২০ বছর আগে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি বন্ধ। কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছি।
ঢাকা ডেস্ক 















