পাঁচ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি, ঘোষিত ভাতা বৃদ্ধি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সকালে জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দেন তারা।
আরও পড়ুন : শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি
শিক্ষকরা জানিয়েছেন, বাড়িভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে একইদিন সকালে অর্থ বিভাগ বাড়িভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করে। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত আদেশে বলা হয়, ছয়টি শর্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে শিক্ষকরা ওই সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত ও অসম্পূর্ণ’ বলে দাবি করেন। আন্দোলনকারীদের মতে, সরকারের এই ঘোষণা তাদের ন্যায্য দাবি পূরণের প্রচেষ্টা নয়, বরং আন্দোলন দমন করার কৌশল মাত্র।
ঢাকা ডেস্ক 









