দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ বিভাগের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। সিদ্ধান্তটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, আর বাড়ার শঙ্কা নেই
এতে আরও বলা হয়, বাড়িভাড়া ভাতা প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত অনুসরণ করতে হবে—এর মধ্যে রয়েছে ভবিষ্যৎ জাতীয় বেতনস্কেলের সঙ্গে ভাতা সমন্বয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুযায়ী নিয়োগের শর্ত মেনে চলা এবং কোনো অবস্থাতেই বকেয়া দাবি না তোলা।
প্রজ্ঞাপনে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, ভাতা প্রদান প্রক্রিয়ায় সব ধরনের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। কোনো ধরনের অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।এছাড়া প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে পৃথক জিও জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠাতে। প্রজ্ঞাপনের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
ঢাকা ডেস্ক 









