নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার (১২ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, রাজধানীতে আকস্মিক মিছিল আয়োজন ও অর্থায়নের অভিযোগে ওই সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় বা গ্রেপ্তারের স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
আরও পড়ুন : ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার সম্প্রচার করা ফেসবুক পেজে সাইবার হামলা
ডিএমপি জানিয়েছে, এ ধরনের কার্যক্রমে যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নগরজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এদিকে পৃথক অভিযানে রাজধানীর পল্লবী থানার পুলিশ শনিবার (১১ অক্টোবর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরাও রয়েছে। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা ডেস্ক 









