আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি জানান, যুক্তিতর্ক উপস্থাপনের সময় হঠাৎ করেই কার্যালয়ের ফেসবুক পেজটি সাইবার হামলার কারণে সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে দ্রুত পদক্ষেপে পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের উপস্থাপিত তথ্য-প্রমাণ ও সাক্ষ্য যাতে দেশ-বিদেশের মানুষ না জানতে পারে, সেজন্যই এই হামলার চেষ্টা করা হয়েছে। অভিযুক্তদের সহযোগীরা চায় না যে দুনিয়া জানুক এই বিচার কতটা স্বচ্ছভাবে চলছে।’
আরও পড়ুন : সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান: আল জাজিরা রিপোর্ট
তিনি আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানাতে চাই—অপরাধ করে কেউ রক্ষা পাবে না, আর অপরাধীকে রক্ষার চেষ্টা করেও কেউ সফল হবে না। আমাদের লক্ষ্য ন্যায়বিচার নিশ্চিত করা, প্রতিহিংসা নয়।’
বর্তমানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আরও এক অভিযুক্তের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে।
প্রসিকিউশনের বক্তব্যের পর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিপক্ষের যুক্তি তুলে ধরবেন, এবং শেষে প্রসিকিউশন খণ্ডন উপস্থাপন করবে।
আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্কের এই পর্ব চলবে আরও কয়েকটি কার্যদিবস। এরপর মামলাটি রায় ঘোষণার পর্যায়ে যাবে।
ঢাকা ডেস্ক 









