দুই দফা দাবি আদায়ে আগামীকাল রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ এবং মেডিকেল ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি জানান, রবিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হবে। ইতিমধ্যে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আগামীকাল থেকে প্রেস ক্লাব এলাকা শিক্ষক ও কর্মচারীদের পদচারণায় সরব হয়ে উঠবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
আরও পড়ুন : ভিক্ষুক সালেহার ঘর থেকে আবারও মিলল এক বস্তা টাকা
এর আগে অর্থ মন্ত্রণালয় ৩০ সেপ্টেম্বর এক পরিপত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর অনুমোদন দেয়। ৫ অক্টোবর সেই পরিপত্র প্রকাশিত হয়। তবে শিক্ষক-কর্মচারীরা ওই সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত ও অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছেন।
শিক্ষক নেতাদের দাবি, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আলোচনায় সরকার বেসিকের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক পরিপত্রে সেই প্রতিশ্রুতির প্রতিফলন না থাকায় তাঁরা আন্দোলনে নামছেন।
উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করেছিল। তখনও একই দাবিতে তারা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল।
ঢাকা ডেস্ক 









