সিরাজগঞ্জের রায়পুর এলাকায় সালেহা বেগম ওরফে ‘সালেহা পাগলি’র ঘর থেকে আরও এক বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে রায়পুর ১ নম্বর মিলগেট এলাকার পরিত্যক্ত শ্রমিক কোয়ার্টারের বারান্দা থেকে স্থানীয়রা ওই টাকার বস্তাটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালেহা বেগম মৃত আব্দুস ছালামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে রায়পুর মিলগেট এলাকায় শ্রমিকদের পুরোনো কোয়ার্টারের বারান্দায় একাই বসবাস করছিলেন। এলাকাবাসীর কাছে তিনি ‘সালেহা পাগলি’ নামেই পরিচিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই জায়গা থেকে আরও দুটি বস্তা ভর্তি টাকা পাওয়া গিয়েছিল। সেদিন স্থানীয় সাতজন মিলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে টাকা গণনা করে মোট ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পান। পরে পুলিশের উপস্থিতিতে সেই টাকা সালেহার মেয়ে স্বপ্না খাতুনের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় এক প্রবীণের জিম্মায় রাখা হয়।
আরও পড়ুন : বিএনপি নেতা ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, জানা গেল কনের পরিচয়
শনিবার সকালে নতুন পাওয়া বস্তাটি খুলে গণনা করলে ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া যায় বলে জানান স্থানীয় সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু।
স্থানীয় বাসিন্দা সিদ্দিক হোসেন বলেন, “সালেহা ছোটবেলা থেকেই ভিক্ষা করে আসছিলেন। প্রায় ৪০ বছর ধরে এভাবেই টাকাগুলো জমিয়েছেন।”
সালেহার মেয়ে স্বপ্না খাতুন জানান, “আমার মা একটু অদ্ভুত স্বভাবের মানুষ। যেখানে যা পেতেন, নিজে নিজের মতো করে রেখে দিতেন। কারও সঙ্গে তেমন কথা বলতেন না, নিজের মতো থাকতেন।”
এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিনের ভিক্ষাবৃত্তি থেকে পাওয়া সামান্য সামান্য টাকা তিনি গচ্ছিত রেখেছিলেন, যা সময়ের সঙ্গে জমে একাধিক বস্তায় পরিণত হয়।
ঢাকা ডেস্ক 









