নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় হঠাৎ এক তীব্র ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। টানা দুদিনের ভারি বৃষ্টির পর রোববার সকালে শুরু হওয়া কয়েক মিনিটের এই ঝড়ে এলাকাজুড়ে বিপর্যয় নেমে আসে।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে হঠাৎ প্রবল বাতাসে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়। অসংখ্য গাছপালা উপড়ে পড়ে, কিছু দোকান ও খামারঘরও ভেঙে যায়। এতে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক বলেন,“মাত্র কয়েক মিনিটের ঝড়ে সবকিছু ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি, ফসল—কিছুই রইল না।”
আরও পড়ুন : কুরআন অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার
আরেক বাসিন্দা নাসিমা বেগম জানান,“সকালে রান্না করছিলাম, হঠাৎ ঝড় শুরু হয়। মুহূর্তেই ঘরের চালা উড়ে যায়। এখন জানি না কোথায় থাকব।”
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী বলেন, ঝড়ে অন্তত শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। “বেশ কয়েকজন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ইউনিয়ন পরিষদ থেকে তাদের সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে,” বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করেছে। গবাদিপশু ও মানুষের জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন,“ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই শেষে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। আপাতত শুকনো খাবার বিতরণ চলছে।”
প্রবল ঝড়ে এখনো অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
ঢাকা ডেস্ক 









