রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুরআন অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।
গ্রেফতার শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র। তবে কোন বিভাগে পড়াশোনা করছেন, তা এখনও জানা যায়নি।
ভাটারা থানার কর্মকর্তারা জানান, শনিবার দুপুরে অপূর্বর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন শরীফ অবমাননাকর কিছু ভিডিও পোস্ট করা হয়। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তার শাস্তির দাবি ওঠে।
আরও পড়ুন : আটক অবস্থায় গ্রেটা থুনবার্গকে নির্যাতন করে ইসরায়েল
পরে রাতে কয়েকজন ছাত্র ও স্থানীয় বাসিন্দা অপূর্বর বাসার নিচে বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান,“গ্রেফতার শিক্ষার্থী জনতার হামলায় আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা ডেস্ক 









