আজ (রোববার) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের সাতটি জেলায় বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে (৯টা ৩০ মিনিটে) প্রকাশিত নদীবন্দর পূর্বাভাসে জানানো হয়—রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।
এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন : নীলফামারীতে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, “দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে আসা বায়ুপ্রবাহের কারণে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই অঞ্চলে স্থানীয়ভাবে ঝড়বৃষ্টি দেখা দিতে পারে।”
এদিকে, সর্বশেষ ১২০ ঘণ্টার সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকা ডেস্ক 









