যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাতে একযোগে এ হামলায় গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেন, “গত রাতটি ছিল ভয়ঙ্কর সহিংস। ইসরায়েলি সেনারা গাজা সিটি ও আশপাশে একের পর এক বিমান হামলা চালিয়েছে।”
তিনি জানান, এসব হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।
আরও পড়ুন : গাজায় সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিল ইসরায়েল সরকার
এর আগে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছিল। এ কারণে বহু পরিবার বাড়িতে ফেরার চেষ্টা শুরু করে। কিন্তু এরপর ইসরায়েলি সেনারা সতর্কবার্তা দিয়ে জানায়, গাজা সিটি এখনো “যুদ্ধপ্রবণ বিপজ্জনক এলাকা”, সেখানে ফিরলে প্রাণহানির ঝুঁকি রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমাদের সেনারা গাজার বিভিন্ন স্থানে এখনো অভিযান চালাচ্ছে। নাগরিকদের অনুরোধ করা হচ্ছে এসব এলাকায় প্রবেশ না করতে।”
অন্যদিকে, হামাসের শর্তসাপেক্ষ সম্মতির পর সাধারণ মানুষ মনে করছিলেন, আড়াই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত শেষ হতে পারে। তবে ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিক প্রত্যাহারের কথা নেই। বরং হামাসকে অস্ত্র জমা দেওয়ার শর্ত রাখা হয়েছে, যা সহজে মানতে নারাজ ফিলিস্তিনি গোষ্ঠীটি।
ফলে, এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: এএফপি
ঢাকা ডেস্ক 









