ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান দখল অভিযান থামাতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আর্মি রেডিও এ খবর প্রকাশ করেছে, যা পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাও নিশ্চিত করে।
সামরিক রেডিওর প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় অভিযান সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। সাংবাদিক ডরোন কাদোস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “বাস্তবে এর অর্থ হলো গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত।”
এ পদক্ষেপ এসেছে এমন এক সময়ে, যখন হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশবিশেষ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানায়, তারা জীবিত ও মৃত জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত, তবে কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
আরও পড়ুন : গাজায় ফের ত্রাণ পাঠাবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন
হোয়াইট হাউসের প্রকাশিত ২০ দফা পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে অন্তত ২০ জন জীবিত জিম্মির মুক্তি এবং মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার শর্ত ছিল। বিনিময়ে ইসরায়েল গাজার শত শত বন্দিকে মুক্তি দিতে সম্মত হবে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হামাসকে সময়সীমা বেঁধে দিয়ে সতর্ক করেছিলেন—রোববার মার্কিন সময় সন্ধ্যা ছয়টার মধ্যে প্রস্তাব গ্রহণ না করলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর কয়েক ঘণ্টা পর হামাস আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়।
ট্রাম্প এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, হামাস স্থায়ী শান্তির পথে অগ্রসর হতে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরও জানায়, পরিকল্পনার প্রথম ধাপ তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
ঢাকা ডেস্ক 









