জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক কোনো দলকেই বরাদ্দ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে কমিশনের কোনো ব্যাখ্যাও দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থান তুলে ধরেন।
সিইসি জানান, প্রথমে নাগরিক ঐক্য প্রতীকটি দাবি করেছিল, পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই প্রতীক চেয়েছিল। তবে দু’দলকেই শাপলা প্রতীক দেওয়া হয়নি। এ নিয়ে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত, আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন : জিপিএ-৫ পেলেও কলেজ মেলেনি পাঁচ শিক্ষার্থীর
তিনি আরও বলেন, “শাপলা প্রতীক না পেলে নির্বাচন বন্ধ করে দেব—এমন বক্তব্য কমিশন হুমকি হিসেবেই দেখছে। নির্বাচন কমিশন কারও চাপের কাছে নতি স্বীকার করবে না। আমরা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করব।”
আগামী জাতীয় নির্বাচন নিয়ে সিইসি আবারও বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশ্বাস দেন, “ফেব্রুয়ারির নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। এজন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে।”
ঢাকা ডেস্ক 









