দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮১ জনে। একই সময়ে নতুন করে ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন (রোববার) একদিনে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা এ বছরের সর্বোচ্চ দৈনিক মৃত্যুর রেকর্ড।
আরও পড়ুন : যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে এখন ফিলিস্তিনের নাম ও মানচিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। নতুন রোগীদের মধ্যে সর্বাধিক ভর্তি হয়েছেন বরিশালে—১৪৯ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, চট্টগ্রামে ৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, রাজশাহীতে ৫৫ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ২৫ জন, রংপুরে ১০ জন এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, এ বছর ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই প্রাণ গেছে ৮৫ জনের। এছাড়া বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ২৩ জন, ঢাকা উত্তরে ২২ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা ডেস্ক 









