ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্য তাদের সরকারি ওয়েবসাইটে বড় পরিবর্তন এনেছে। এতদিন যেখানে “অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল” লেখা ছিল, এখন সেখানে সরাসরি “ফিলিস্তিন” উল্লেখ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই এই আপডেট আনা হয়। পরিবর্তনটি দেখা যাচ্ছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট, ভ্রমণ পরামর্শ বিভাগ, বিদেশি মিশনের তালিকা এবং সরকারি মানচিত্রে।
আরও পড়ুন : যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ঘরে সাপ ছেড়ে দিল শ্বশুরবাড়ির লোকজন!
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে— ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যাতে দ্বি-রাষ্ট্র সমাধানের পথ সুদৃঢ় হয় এবং ইসরায়েল-ফিলিস্তিনের জন্য স্থায়ী শান্তির ভিত্তি গড়ে ওঠে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, দ্বি-রাষ্ট্র সমাধান বলতে পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে নির্ধারণ করাকে বোঝায়।
প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের সমান অধিকার সুরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘনিষ্ঠ মিত্র কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সমন্বয় করেই যুক্তরাজ্য এ ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।
ঢাকা ডেস্ক 









