জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১২টির গণনা শেষ হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর নাগাদ পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হতে পারে।
এদিকে নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের জাবি শাখার সভাপতি।
আরও পড়ুন : জাকসু নির্বাচন: দায়িত্ব পালনকালে মারা গেলেন পোলিং অফিসার
শুক্রবার রাতে নতুন কলা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ত্রুটিপূর্ণ প্রক্রিয়া ও ব্যর্থতার দায় নিয়ে আমি পদত্যাগ করছি। নির্বাচনে সমান সুযোগ ছিল না। সিদ্ধান্ত ছিল ইলেকট্রনিক মেশিনে ভোট গণনার, কিন্তু তা না করে হাতে গোনা হয়েছে, যা বড় ধরনের অনিয়ম।”
তিনি আরও জানান, এ বিষয়ে কমিশনকে লিখিতভাবে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাকে পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তবে বিবেকের তাড়নায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন, তবে একটি আদর্শিক মতের প্রতি বিশ্বাসী।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গণনা শুরু হলেও এখনো পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা যায়নি।
ঢাকা ডেস্ক 














