নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুতে তিন দিন আটকা থাকার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়।
বিকেল ২টা ৫৫ মিনিটে কাঠমান্ডু থেকে সি–১৩০বি মডেলের বিশেষ বিমানে হেড কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া এবং অন্যান্য খেলোয়াড়রা যাত্রা শুরু করেন। একই ফ্লাইটে ছিলেন বাংলাদেশ–নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।
ঢাকায় অবতরণের পর বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “সি–১৩০বি বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।”
আরও পড়ুন : নেপালে সহিংসতায় বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বাতিল
বিকেল ৪টা ৪৩ মিনিটে বিমানবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে অবতরণের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দলের নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হসভাপতি তাবিথ আউয়ালসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজনৈতিক সহিংসতার কারণে কাঠমান্ডুতে অবস্থানকালে পুরো দলকে হোটেলে থাকতে হয়েছিল। এ সময় নিরাপত্তাজনিত কারণে তাদের বাইরে বের হতে দেওয়া হয়নি। অবশেষে সরকার ও বিমানবাহিনীর বিশেষ উদ্যোগে ফুটবলাররা নিরাপদে দেশে ফিরলেন।
ঢাকা ডেস্ক 









