রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর, যিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন : দেশের আইনশৃঙ্খলা কিছুটা খারাপ হয়েছে বলে স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার
এর আগে সোমবার রাতে নিহত যুবকের বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মাজার ভাঙচুর, হামলা, মারধর, সম্পদ লুটপাট, কবর থেকে মরদেহ উত্তোলন ও পরে তা পুড়িয়ে ফেলার মতো নৃশংস ঘটনার অভিযোগ আনা হয়।
স্থানীয়রা জানায়, হামলার সময় দরবারে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পুরো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









