সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন নিয়ন্ত্রণে ছিল, সাম্প্রতিক কিছু ঘটনায় সেটি সামান্য খারাপের দিকে গেছে। তবে আমরা দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
আরও পড়ুন : সারজিস আলমকে ঘিরে জয়ের পোস্টে সরগরম সোশ্যাল মিডিয়া
রাজবাড়ীতে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর মূল ঘটনার প্রকৃত চিত্র পাওয়া যাবে। তিনি আরও জানান, তদন্তাধীন অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারীর দায় নির্ধারণ করা সম্ভব নয়। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হাটহাজারী ও রাজবাড়ীতে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ব্যর্থ হইনি। সমাজে অসহিষ্ণুতা বেড়ে গেছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। জনগণকে অনুরোধ করব ধৈর্য ধরতে।’
নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোটের দিনে জনগণ নিজের অধিকার প্রয়োগ করবেই।’
ঢাকা ডেস্ক 









