ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাদিক-ফরহাদ প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যারিয়ার বিষয়ক পদে স্বতন্ত্র প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা এই অভিযোগ করেন।
এ বিষয়ে বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অভিযোগে রুপাইয়া বলেছেন, একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া ছিল।
যদিও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেনি বিবিসি। এ ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর একে এম নুরে আলমের বক্তব্য নিয়েছেন।
আরও পড়ুন : অসুস্থ হয়ে হাসপাতালে ডাকসু নির্বাচনের এক প্রার্থী
নুরে আলম বলেন, ‘টিক দেওয়া ব্যালট পেয়েছি।’
পরে অভিযোগ করা শিক্ষার্থীকে আরেকটি নতুন ব্যালট পেপার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ- বাগছাসের প্রার্থী আবুল বাকের মজুমদার ও প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসুও নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। অন্যদিকে হল সংসদের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
ভোটগ্রহণ হচ্ছে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে। প্রতিটি ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবন মিলনায়তনে।
ঢাকা ডেস্ক 









