চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এখন ইউরোপে প্রায় ২০ কোটি মাসিক ব্যবহারকারী অতিক্রম করেছে। অর্থাৎ মহাদেশটির প্রতি তিনজনের একজন নিয়মিতভাবে টিকটক ব্যবহার করছেন। শুক্রবার কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত বছর ইউরোপের ৩২টি দেশে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৭ কোটি ৫০ লাখ। এক বছরের ব্যবধানে প্রায় আড়াই কোটি নতুন ব্যবহারকারী যোগ হয়েছে। বিশ্বব্যাপী টিকটকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ইতোমধ্যেই ১০০ কোটির বেশি, বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন : ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু
তরুণদের মধ্যে বিশেষত কিশোর-কিশোরীদের কাছে টিকটকের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্ল্যাটফর্মটির ভিডিও কনটেন্ট এখন শুধু বিনোদন নয়, খাদ্য, ফ্যাশন থেকে শুরু করে ট্রেন্ড তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে দ্রুত জনপ্রিয়তার পাশাপাশি টিকটককে নানা নিয়ন্ত্রক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্ল্যাটফর্মটির মালিকানা নিয়ে চাপ সৃষ্টি করেছিলেন। অন্যদিকে ইউরোপে চলতি বছরের মে মাসে টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইইউ-এর প্রধান তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে, বাইটড্যান্স সম্প্রতি কর্মীদের জন্য একটি শেয়ার পুনঃক্রয় কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির মূল্যায়ন দাঁড়াবে ৩৩০ বিলিয়ন ডলারেরও বেশি।
ঢাকা ডেস্ক 









