প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নামে প্রতারণার ঘটনা ধরা পড়েছে। আর্থিক প্রণোদনার নামে মন্ত্রণালয়ের সচিবের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।
শুক্রবার মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি একটি প্রতারক চক্র সচিব আবু তাহের মো. মাসুদ রানার ভুয়া পরিচয় ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে। তারা মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার কথা বলে বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিতে চাইছে।
আরও পড়ুন : জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘আর্থিক প্রণোদনা প্রদানের এমন কোনো উদ্যোগ মন্ত্রণালয়ের নেই। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।’
প্রতারক চক্রের ফাঁদে না পড়তে সবার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, কারও কাছে ব্যাংক বা ক্রেডিট কার্ডের তথ্য কোনোভাবেই দেওয়া যাবে না। এ ধরনের সন্দেহজনক কল এলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয় বা নিকটস্থ থানায় অভিযোগ করারও অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণার প্রবণতা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতা বাড়ানো ছাড়া এ ধরনের প্রতারণা ঠেকানো কঠিন হবে।
ঢাকা ডেস্ক 









