নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সরকার হুমায়ুন কবির-এইচ এম আনোয়ার প্রধান পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৭টি পদে নির্বাচনের মধ্যে তারা ১৬টিতেই বিজয়ী হয়েছেন। অপরদিকে জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল মাত্র একটি পদে জয়লাভ করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনভর ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সরকার হুমায়ুন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে এইচ এম আনোয়ার প্রধান সর্বাধিক ৭১৮ ভোট পান।
আরও পড়ুন : অপকর্মে বাধা দেওয়ায় বিএনপি নেতা খুন, অভিযুক্ত পলাতক
বিজয়ীদের তালিকা
- জ্যেষ্ঠ সহসভাপতি: অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার (৬৯৭ ভোট)
- সহসভাপতি: অ্যাডভোকেট সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট)
- যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট)
- কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট শাহাজাদা দেওয়ান (৭৫৫ ভোট)
- আপ্যায়ন সম্পাদক: অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট)
- লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট হাবিবুর রহমান (৫৯০ ভোট)
- ক্রীড়া সম্পাদক: অ্যাডভোকেট আমিনুল ইসলাম (৬৪৫ ভোট)
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট সারোয়ার জাহান (৫৭২ ভোট)
- সমাজসেবা সম্পাদক: অ্যাডভোকেট রাজিব মন্ডল (৬০০ ভোট)
- আইন ও মানবাধিকার সম্পাদক: অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া (৫৮৫ ভোট)
কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম (৭৩৪ ভোট), ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট), আবু রায়হান (৬৯৪ ভোট) ও তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট)। একমাত্র জামায়াত সমর্থিত প্রার্থী আফরোজা জাহান (৫২৩ ভোট) কার্যকরী সদস্য পদে জয়ী হন।
ভোটার উপস্থিতি: মোট ১১৭৬ জন ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রসঙ্গত, এ নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী প্যানেলের বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের একটি বিদ্রোহী অংশও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে শেষ পর্যন্ত প্রধান লড়াইয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত সরকার হুমায়ুন-আনোয়ার পরিষদ।
ঢাকা ডেস্ক 









