পিরোজপুরের ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে রেজাউল করিম ঝন্টু (৫০) নামে বিএনপির এক স্থানীয় নেতা খুন হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ঝন্টু ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে এবং স্থানীয় এক প্রবাসীর ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন।
আরও পড়ুন : ছাত্রদের নগ্ন করে ভিডিও করতেন আফ্রিদি
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঝন্টুর সঙ্গে একই এলাকার মজিবুর রহমান খানের ছেলে রুবেল (৩৫)-এর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ঝন্টুর বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি পাশের একটি ডোবায় পড়ে গেলে রুবেল ধারালো অস্ত্র দিয়ে আরও আঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন।
গ্রামবাসীর দাবি, রুবেলের নানা অপকর্মে দীর্ঘদিন ধরে বাধা দিচ্ছিলেন ঝন্টু। এর জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
ঢাকা ডেস্ক 









