ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা পড়া দুই মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৪টার দিকে আট থেকে দশজনের একটি সশস্ত্র ডাকাতদল হঠাৎই আটকে থাকা মাইক্রোবাসগুলোর জানালা ও দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা।
ডাকাতির শিকার যাত্রী রুবেল আরিফ, যিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, জানান—তিনি ও তার বন্ধুরা সিলেট যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ি থেকে দুই লাখ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় ডাকাতরা। পাশের আরেকটি মাইক্রোবাস থেকেও একইভাবে লুটপাট করা হয়।
আরও পড়ুন : আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করা দুর্ধর্ষ ডাকাত আল-আমিন গ্রেফতার
খবর পেয়ে সরাইল থানার এসআই আবীর আহমেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই ডাকাতরা পালিয়ে যায়।
সরাইল থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানা গেছে—একদল যুবক ভোরে যানজটে আটকে থাকা মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে তিন-চারটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ নিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয়রা বলছেন, মহাসড়কে দীর্ঘ যানজটের সুযোগ নিয়ে এমন ঘটনা প্রায়ই ঘটে, যা প্রতিরোধে পুলিশের টহল আরও জোরদার করা প্রয়োজন।
ঢাকা ডেস্ক 









