জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম তফসিল ঘোষণা করেন। একই দিনে খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে নির্বাচন
তফসিল অনুযায়ী, প্রার্থীরা আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। যাচাই–বাছাই শেষে ২৫ আগস্ট প্রকাশিত হবে খসড়া প্রার্থী তালিকা। এরপর ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনি প্রচারণা।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামান।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর জাকসুর প্রথম নির্বাচন হয় ওই বছরই। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। এরপর তিন দশকেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এ প্রক্রিয়া।
সম্প্রতি শিক্ষার্থীরা জাকসু পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, আমরণ অনশনসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ দাবি আরও জোরালো হয়। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে।
ঢাকা ডেস্ক 









