উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন দুই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্তত চারজন। শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ ২ শিশুর অবস্থা উন্নতির দিকে যাওয়ায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আরও ৪ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়।’
ডা. নাসির উদ্দীন জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৯ জনকে ‘সিভিয়ার’ বা গুরুতর অবস্থায় রাখা হয়েছে। তাদের মধ্যে ৪ জন আইসিইউতে। তিনি বলেন, ‘আইসিইউতে থাকা মানেই তারা ‘ক্রিটিক্যাল’ রোগী। চিকিৎসকরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
আরও পড়ুন : মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
গত ২১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর পরই ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এরইমধ্যে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে বিশেষ মেডিকেল টিম বাংলাদেশে এসে চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়েছে। এ টিমগুলো বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আহতদের চিকিৎসা দিচ্ছেন।
এই বিমান বিধ্বস্ত ট্র্যাজেডি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এখন দেশের মানুষ তাকিয়ে আছে, যাতে দগ্ধদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত হয় এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দ্রুত সম্পন্ন হয়।
রিপোর্টার 









