বগুড়ার গাবতলীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে টানা দুই দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। এদিকে প্রেমিক পলায়ন করেছেন বলে অভিযোগ উঠেছে, ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের নতুনপাড়ার বাসিন্দা শাহিন মিয়ার ছেলে ময়নুল হাসান সাদিক (২২) এবং কদমতলী এলাকার তারুন মিয়ার মেয়ে তানিয়া আক্তারের (২০) মধ্যে দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। তানিয়া একটি কলেজে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন।
তানিয়া জানান, প্রেমের সম্পর্কের সময় সাদিক তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন এবং একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি কয়েক মাস আগেও তিনি সাদিকের বাড়িতে অবস্থান করেছিলেন। তবে সম্প্রতি সাদিক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় সদ্যবিবাহিত প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন
গত ২৩ জুলাই বুধবার সাদিক পুনরায় তাকে বিয়ের আশ্বাস দিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। কিন্তু পরে সাদিক হঠাৎ উধাও হয়ে যান এবং তার মোবাইল ফোন বন্ধ করে দেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্লক করে দেন তানিয়াকে।
তানিয়ার অভিযোগ, সাদিকের পরিবার এখন কাবিননামা নিয়ে সময়ক্ষেপণ করছে এবং নানা অজুহাত দিচ্ছে। তিনি জানান, “বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আমি এলাকাবাসী ও প্রশাসনের সহায়তা চাই।”
সাদিকের বাবা শাহিন মিয়া বলেন, “দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে। সমঝোতা হলে বিয়ের ব্যবস্থা করা হবে।”
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিকভাবে ঘটনাটি নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঢাকা ডেস্ক 









