কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। এতে একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাত থেকে আটজন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন—ভুন্দুরচর গ্রামের বাসিন্দা মৃত গোলাম শহিদের দুই ছেলে ফুলবাবু (৪৩) ও বুলু মিয়া (৫২), এবং তাদের ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)।
আরও পড়ুন : ডুয়েটে সমকামিতার অভিযোগে ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুস সামাদ জানান, সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনে আরও গ্রেপ্তার করা হবে।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
ঢাকা ডেস্ক 









