এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে ‘রাত ৩টার সিদ্ধান্তে’ ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এর আগে ৩টা ৪০ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়েন। এসময় তারা কয়েকটি সরকারি গাড়িতে ভাঙচুর চালান। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন : ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, “মাইলস্টোন কলেজের ভয়াবহ দুর্ঘটনার পরও পরীক্ষা স্থগিত হয়নি। বরং হঠাৎ করে রাত ৩টার সময় পরীক্ষার সময়সূচি বদলের ঘোষণা আসে। সকালে পরীক্ষা দিতে গিয়ে জানতে পারি, পরীক্ষা বাতিল। এটা দায়িত্বহীনতা নয় তো কী?”
জানা গেছে, রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। দুপুর থেকেই সচিবালয়ের সামনে তারা অবস্থান নেন। উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঢাকা ডেস্ক 









