বিমান বিধ্বস্তের ঘটনার পাঁচ ঘণ্টা পর মাইলস্টোন কলেজ থেকে বের হলেও কলেজ গেটেই ফের অবরুদ্ধ হন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩টা ৪৮ মিনিটে তারা কলেজ ত্যাগের চেষ্টা করলে শিক্ষার্থীরা গেটের বাইরে দিয়াবাড়ী গোল চত্বরে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে ফেটে পড়ে। বাধ্য হয়ে উপদেষ্টাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কলেজের ভবনে বিধ্বস্ত হয়, যাতে অন্তত ৩১ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর।
আরও পড়ুন : ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সরকারি উপদেষ্টা আসিফ নজরুল, সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীরা তখন থেকেই তাদের ঘিরে বিক্ষোভ করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সহায়তায় গেট পার হওয়ার চেষ্টা করা হলেও শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে উপদেষ্টাদের পথরোধ করে। তারা দোষীদের বিচার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।
বর্তমানে উপদেষ্টারা কলেজ ক্যাম্পাসেই অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের বিক্ষোভও চলছে।
রিপোর্টার 









