দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মৃত্যুবরণ করেছেন সৌদি আরবের ‘ঘুমন্ত প্রিন্স’ খ্যাত রাজপুত্র আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০০৫ সালে যুক্তরাজ্যের লন্ডনে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে কোমায় চলে যান মাত্র ১৫ বছর বয়সী এই প্রিন্স। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ হয় এবং অস্ত্রোপচারের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকে দীর্ঘ প্রায় দুই দশক ধরে তিনি ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।
আরও পড়ুন : ভারতের বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
তার চিকিৎসা চলে ইউরোপ ও আমেরিকার অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে, তবে কখনোই সম্পূর্ণ চেতনা ফিরে পাননি। মাঝে মাঝে তার অঙ্গ-প্রত্যঙ্গের সামান্য নড়াচড়া দেখা গেলেও তা ছিল অস্থায়ী। ২০২০ সালে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন নারীর উপস্থিতিতে তিনি আঙুল নাড়ানোর চেষ্টা করছেন।
তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল সবসময় ছেলের সুস্থতার জন্য দোয়া করতেন। বিশেষত, পবিত্র রমজানের শেষ দশ রাতে তিনি মসজিদে মুসল্লিদের ছেলের জন্য দোয়ার আহ্বান জানাতেন।
ছেলের মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহর নির্দেশ ও তাকদিরে পূর্ণ আস্থা রেখে গভীর দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছি—আমার প্রিয় সন্তান প্রিন্স আলওয়ালিদ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
প্রিন্স আলওয়ালিদ ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন। তিনি সৌদি রাজপরিবারের একজন সদস্য এবং দুর্ঘটনার সময় একটি সামরিক কলেজের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা ডেস্ক 









