ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভয়াবহ বজ্রপাতে ২৪ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। একাধিক জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নালন্দা জেলায়। আবহাওয়ার এই বৈরি আচরণে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে শোক ও আতঙ্ক।
রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বজ্রপাতে নালন্দায় মারা গেছেন ৫ জন, ভৈরালিতে ৪ জন, পাটনা ও বাঁকায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন : পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩
মৃতদের পরিবারপ্রতি ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একইসঙ্গে তিনি জনগণকে খারাপ আবহাওয়ার সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বিহার ও আশপাশের রাজ্যগুলোতে পরবর্তী কিছুদিন বজ্রঝড় ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকদের বাইরে বের হলে সাবধানতা অবলম্বন ও আবহাওয়া আপডেট মনিটর করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের তীব্র বজ্রপাতের ঘটনা বাড়ছে, যা আগাম সতর্কতা ছাড়া মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে। তাই স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে আরও সচেতনতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা উঠে আসছে।
ঢাকা ডেস্ক 









