নোয়াখালীর হাতিয়ায় মোবাইলে গেম খেলা ও আড্ডায় মত্ত চার কিশোরকে ধরে এনে পড়াতে বসিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে তিনি এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে হাতিয়া উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরপাড়ে বসে মোবাইলে গেম খেলছিল চার শিক্ষার্থী। ঠিক সেই সময় হাঁটতে বের হন ইউএনও মো. আলাউদ্দিন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, ওই শিক্ষার্থীরা একাগ্রচিত্তে গেমে ডুবে আছে। তখন তিনি তাদের ডেকে নাম, শ্রেণি ও স্কুল সম্পর্কে জানতে চান। পরে সবাইকে নিয়ে যান নিজের সরকারি বাসভবনের সামনে একটি কক্ষে এবং খাতা-কলম দিয়ে পড়তে বসিয়ে দেন।
আরও পড়ুন : তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
এ সময় ইউএনও তাদের একটি নির্দিষ্ট বিষয় মুখস্থ করে লিখে দিতে বলেন। শিক্ষার্থীরা তা সম্পন্ন করলে তাদের একজনের অভিভাবকের জিম্মায় সবাইকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে ইউএনও মো. আলাউদ্দিন বলেন, ‘রাতে যারা আড্ডা দিচ্ছিল, তাদের ডেকে এনে পড়ালেখায় বসিয়েছি। ছাত্রদের ভবিষ্যৎ যাতে মোবাইল আসক্তির কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘শুধু সাবধানবাণী নয়, প্রয়োজনে এমন শিক্ষামূলক শাস্তি নিয়মিত দেওয়া হবে।’
এই উদ্যোগের ছবি ও বিবরণ তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করলে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেন ইউএনওর মানবিক, কার্যকরী পদক্ষেপের। স্থানীয়রা মনে করছেন, এটি কিশোরদের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়ক হবে।
ঢাকা ডেস্ক 









