ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামের এক প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে হাত ও পেটে স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানা-সংলগ্ন সেতুর পাশের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুরের স্বামী মাসুদ মিয়া বর্তমানে সৌদি আরবে প্রবাসে রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ফ্ল্যাটটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিবেশীরা পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেন। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর শাহিনুরের লাশ দেখতে পান তারা। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব: যুবক খুন
পরিবার সূত্রে জানা যায়, শাহিনুর আক্তার তার দ্বিতীয় স্বামী মাসুদ মিয়ার সঙ্গে এই ফ্ল্যাটে বসবাস করছিলেন। প্রথম স্বামীর ঘরে থাকা আট বছরের সন্তান মাঝে মাঝে তার সঙ্গে থাকলেও, ঘটনার সময় সে বাসায় উপস্থিত ছিল না।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, ‘ধারণা করা হচ্ছে, শাহিনুরকে দুই দিন আগে হত্যা করা হয়েছে। লাশে পচন ধরেছে এবং হাতে ও পেটে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’
শনিবার (১৯ জুলাই) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









