টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে ফেনীতে বন্যায় নতুন করে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। । মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে আজ শুক্রবার (১১ জুলাই) সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব গ্রাম প্লাবিত হয়েছে।
নতুন করে প্লাবিত হওয়া গ্রামের মধ্যে চারটি ফেনী সদর উপজেলা, পাঁচটি ছাগলনাইয়া উপজেলা ও একটি দাগনভূঞা উপজেলায়।
বন্যার কারণে পাঁচ উপজেলায় এখনো বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ফেনী-ফুলগাজী ও ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ছোট আকারের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলার ৮২টি আশ্রয়কেন্দ্রে আজ সকাল পর্যন্ত ৯ হাজার ২০০ বাসিন্দা অবস্থান করছেন।
আরও পড়ুন : টানা বৃষ্টিতে নোয়াখালীর ১,৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা
জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন বলেন, গতকাল বিকেল থেকে নতুন করে তিন উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে জেলা প্রশাসন কাজ করছে।
ঢাকা ডেস্ক 









