২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব শিক্ষাবোর্ডেই গণিতে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যান্য বিষয়গুলোর তুলনায় গণিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষাবিদ ও বোর্ড সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, যেখানে গণিতে পাসের হার ৮৮.৭২ শতাংশ। তবে বাকি সব বোর্ডে ফল আশানুরূপ নয়।
বোর্ডওয়ারি গণিতে পাসের হার:
- রাজশাহী বোর্ড : ৮৬.৫২%
- যশোর বোর্ড : ৮৫.০২%
- চট্টগ্রাম বোর্ড : ৮১.৫৩%
- সিলেট বোর্ড : ৮৩.১৭%
- ঢাকা বোর্ড : ৭৫.১৪%
- কুমিল্লা বোর্ড : ৭২.০১%
- দিনাজপুর বোর্ড : ৭১.৩৫%
- ময়মনসিংহ বোর্ড : ৬৪.২৭%
- বরিশাল বোর্ড : ৬৪.৬২%
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : ৭৯.৭৩%
সবচেয়ে কম পাসের হার লক্ষ্য করা গেছে ময়মনসিংহ ও বরিশাল বোর্ডে, যেখানে প্রায় তিনজনের মধ্যে একজনই গণিতে উত্তীর্ণ হতে পারেনি।
শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গণিতকে এখনো শিক্ষার্থীরা ভয় পায় এছাড়াও দক্ষ গণিতশিক্ষকের ঘাটতি রয়েছে। মানসম্মত পাঠদানের অভাব এবং পর্যাপ্ত অনুশীলনেরও সুযোগ নেই।
আরও পড়ুন : এসএসসিতে পাসের হারে আবারও এগিয়ে মেয়েরা
ঢাকা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্কুলপর্যায়ে গণিত শিক্ষার পদ্ধতিগত পরিবর্তন, হাতে-কলমে শেখানোর ব্যবস্থা এবং শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগ না বাড়ালে ভবিষ্যতেও এই দুরবস্থা চলতেই থাকবে।’
গণিতে শিক্ষার্থীদের এমন ব্যর্থতা একটি জাতীয় শিক্ষা সংকেত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষানীতিতে দ্রুত হস্তক্ষেপ, গণিতশিক্ষা পদ্ধতির আধুনিকায়ন এবং মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।
ঢাকা ডেস্ক 









