২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। এবারের ফলাফলে সার্বিকভাবে দেখা গেছে, পাসের হারে আবারও এগিয়ে রয়েছে মেয়েরা।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড—মোট ১১টি শিক্ষা বোর্ডের একযোগে ফলাফল প্রকাশ করা হয় দুপুরে।
পাসের হারের চিত্র:
- মোট গড় পাসের হার: ৬৮.৪৫%
- মেয়েদের পাসের হার: ৭১.০৩%
- ছেলেদের পাসের হার: ৬৫.৮৮%
এছাড়াও, জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাতেও ছাত্রীদের অগ্রগতি লক্ষণীয়। এবার ৮,২০০ জন বেশি ছাত্রী সর্বোচ্চ ফলাফল (জিপিএ-৫) অর্জন করেছে ছেলেদের তুলনায়।
আরও পড়ুন : এসএসসির ফল রিভিউয়ের আবেদন করা যাবে যেভাবে
ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান না হলেও ঢাকা শিক্ষা বোর্ডে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন— ‘শিক্ষার্থীদের বাস্তব মূল্যায়নের ভিত্তিতে ফল প্রস্তুত করা হয়েছে। মেয়েদের এই অগ্রগতি আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।’
চলতি বছর পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। তার মধ্যে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে, যা মোট পরীক্ষার্থীদের একটি বড় অংশ।
বিশেষজ্ঞরা মনে করছেন, মেয়েদের নিয়মিত অধ্যয়ন, পারিবারিক অনুশাসন ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারা এই সাফল্যের অন্যতম কারণ।
তবে পাশাপাশি ছেলেদের শিক্ষায় আগ্রহ বাড়ানো, প্রযুক্তির অতিনির্ভরতা থেকে তাদের দূরে রাখা ও মানসিকভাবে আরও সহায়তা দেওয়ার পরামর্শও দিচ্ছেন শিক্ষাবিদরা।
ঢাকা ডেস্ক 









