রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি ভবনে সাবেক ১২ জন সচিব ও বিচারককে দেওয়া আবাসিক ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহায়ন ধানমন্ডি প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নম্বর ১৩ (নতুন ৬/এ), বাড়ি নম্বর ৭১১ (নতুন ৬৩) নম্বর প্লটে নির্মাণাধীন ভবনের ১২টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। গৃহায়ন কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব বরাদ্দে অনিয়মের প্রমাণ মেলায় এবং ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দগুলো বাতিল করা হয়েছে।”
আরও পড়ুন : কার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরবে জানালেন রাশেদ খান
ফ্ল্যাট বরাদ্দ বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিচারক ও নির্বাচন কমিশনার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মো. জহুরুল হক (৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান (৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার, ড. এম আসলাম আলম, আকতারী মমতাজ, মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারি আবাসন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরও কঠোরভাবে নীতিমালা অনুসরণ করা হবে। সংশ্লিষ্টদের কাছ থেকে বরাদ্দ বাতিল হওয়া ফ্ল্যাটসমূহ পুনরুদ্ধার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।
ঢাকা ডেস্ক 









