গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বেই এবার আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে যাচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে তিনি এই অভিযোগ করেন।
রাশেদ খান লেখেন, ‘ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল। সেই প্রজেক্ট ব্যর্থ হওয়ায় এখন পাটোয়ারী শেষ ভরসা।’
রাশেদ আরও বলেন, ‘আপা এখন জাতীয় পার্টিতে ভর করেছে। জাতীয় পার্টিতে যে অন্তঃকোন্দল দেখতে পাচ্ছেন, এটা স্রেফ মেকি। ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে।’
আরও পড়ুন : ‘আবরারের দেখানো পথেই এগোচ্ছে এনসিপি’
তার দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকেই জাপা ও আপা ভক্ত, যারা পরোক্ষভাবে “আপাকে” ফিরিয়ে আনার পথ সহজ করছে।
রাশেদ খান বলেন, ‘ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারীকে মাঠে নামানো হয়েছে। যেখানে এসব পাটোয়ারীকে জেলে থাকার কথা, সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড়।’
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সব কিছু জানলেও ভারতের ভয়ে আপা-ফেরানোর প্রকল্পে বাধা দিচ্ছে না।
প্রসঙ্গত, সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এ পরিবর্তনের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট কী, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। রাশেদ খানের অভিযোগ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলো।
ঢাকা ডেস্ক 









