তিন হাজারের বেশি কবর খনন করা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া (৬৭) চলে গেছেন না ফেরার দেশে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তিনি আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন ‘গোরখোদক’ হিসেবে।
তার মৃত্যুর খবর জেনে অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।
সেই পোস্টে এ অভিনেতা লিখেছেন—মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এতদিন তিনি ঢাকায় ছিলেন। তিন দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন এ দোয়াও চাইতেন-বলতেন।
তিনি বলেন, হয়তো নিজ গ্রাম, নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নেবেন এই চেয়েছেন আল্লাহ। উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহতায়ালা তাকে শান্তিতে রাখুন। আমিন।
আরো পড়ুন: ৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু মিয়া মারা গেছেন
এর আগে ‘গোরখাদক’ মনু মিয়ার সঙ্গে বুক মিলিয়েছিলেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। একবার তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সুযোগে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘোড়াটিকে হত্যা করে। যে ঘটনাটি সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কাটে। সেই ঘটনার পর ‘গোরখোদক’ মনু মিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন খায়রুল বাসার।
ঢাকা ডেস্ক 









