রাজধানীর মতিঝিলে মাত্র ৩০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র আসামি রাকিব হোসনেক (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাতে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর হত্যার কারণ বেরিয়ে এসেছে।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মমিন (২০) ও রাকিব হোসেন (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্ন কর্মী ও মমিন দোকান কর্মচারী।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যার শিকার হয়েছেন মমিন। রাকিব ও মমিন বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে।
মাত্র ৩০ টাকা ভাগের জন্য বন্ধুকে খুন
তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্য থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। রাত ৯টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার ওপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভুক্তভোগী মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। ১০০ টাকা পেয়ে মমিন আরও ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে দুজন বাড়ি চলে যায়। পরদিন ১৩ মে সকাল ১০টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ঐ টাকা নিয়ে তর্ক হয়। তর্কের একপর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করার পর রাকিব কৌশলে পালিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ চলে যায়।
আরও পড়ুন : আম পাড়াকে কেন্দ্র মাদ্রাসা শিক্ষককে পিটিতে হত্যা
পরে লাশের ময়নাতদন্ত শেষে ভুক্তভোগীর বাবা ফিরোজ শেখ লাশ গ্রহণ করে ও মতিঝিল থানায় আসামি রাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাত দিনের মধ্যে রাকিব হোসেনকে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। আসামি বিজ্ঞ আদালতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা ডেস্ক 









