২০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য তিন দফা দাবির পক্ষে আন্দোলনরত শিক্ষকরা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন। এর পরিবর্তে, আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার পর তারা আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।
শিক্ষক নেতারা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনারে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন। মূলত আজ দুপুরে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মার্চ করার কথা ছিল।
শিক্ষক প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার পর অভিযোগ করেছেন, সেখানে প্রহসনমূলক আচরণ করা হয়েছে। বেসরকারি শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “যে রাষ্ট্র ৬ লাখ শিক্ষক-কর্মচারীর ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের উচিত শিক্ষাব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দেওয়া।”
আরও পড়ুন : এইচএসসি পরীক্ষায় ১২ ক্যাডেট কলেজের ঈর্ষণীয় সাফল্য
তিনি আরও বলেন, “আমরা উপদেষ্টাকে জানিয়েছি, আমাদের উচ্চাকাঙ্ক্ষা নেই। আমরা শুধু মৌলিক জীবিকা নির্বাহের ব্যবস্থা চাই। আমাদের প্রস্তাব ছিল, এ বছর বাড়িভাড়া ১০ শতাংশ বৃদ্ধি করুন এবং আগামী বাজেটে আরও ১০ শতাংশ বৃদ্ধি বিবেচনা করুন। কিন্তু এটি মেনে নেওয়া হয়নি।”
শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া সহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের প্রস্তাবিত ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাড়া শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য নয়। শিক্ষকরা জানিয়েছেন, যতদিন পর্যন্ত সরকার দাবি মেনে নেবে না, ততদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত তারা বহাল রাখবেন।
ঢাকা ডেস্ক 









