২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ অর্জন করেছে দৃষ্টান্তমূলক সাফল্য। এবার অংশ নেওয়া ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৭ জনই পেয়েছে জিপিএ–৫। পাশের হার শতভাগ এবং জিপিএ–৫ প্রাপ্তির হার ৯৯.৬৬ শতাংশ—যা গত বছরের সমান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আরও পড়ুন : যে কারণে শনিবার খোলা থাকছে ব্যাংক
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, আধুনিক পাঠদান পদ্ধতি এবং দক্ষ শিক্ষক–কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা।
সফল এই ১২টি ক্যাডেট কলেজ হলো—ফৌজদারহাট, ঝিনাইদহ, মির্জাপুর, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, পাবনা, কুমিল্লা, ময়মনসিংহ গার্লস, ফেনী গার্লস এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।
আইএসপিআর আরও জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এসব আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ পেয়ে থাকে।
ঢাকা ডেস্ক 














