বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই সময়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখা, ঘোরাঘুরি, ঢাকের বোল, লুচি-পায়েশ, নাড়ু খাওয়া এসবের মধ্যে দিয়ে ভীষণ আনন্দে কেটে যায় এই পাঁচদিন। এই আনন্দমুখর দিনগুলোতে সবাই চান বিশেষভাবে নিজেকে সাজাতে।
তবে এখন দেশের সবখানেই একটা ভ্যাপসা গরম বিরাজ করছে। গরমে পূজার এই পাঁচদিন কীভাবে সাজবেন, কেমন পোশাক বেছে নেবেন তার উপর নির্ভর করবে আপনার আরাম ও স্বাচ্ছন্দ।
তাই গরমে পূজার সাজের কিছু টিপস তুলে ধরা হলো –
সকাল
পূজার দিনের সকালের শুরুটা করতে পারেন সালোয়ার-কামিজ পরে। সঙ্গে হালকা সাজ, অবশ্যই চুল বাঁধার ধরনে স্বস্তিকে প্রাধান্য দিন। আবহাওয়ার অনুযায়ী, এ সময় পনিটেইল, খোঁপা কিংবা বেণি করলে বেশি আরাম পাবেন। শারদীয় সাজের লুক পেতে চাইলে চুলে দুই-একটি ফুলও গুঁজে নিতে পারেন।
দুপুর
দুপুরে সুতির পোশাকে নিজেকে সজীব ও স্নিগ্ধ রাখুন। চাইলে শাড়ি পরতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ করুন। ত্বকের সঙ্গে মিলিয়ে মেকআপ করার চেষ্টা করুন। হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। চুল খোঁপা করে ফুল দিতে পারেন।
রাত
রাতে একটু জমকালো সাজতে চাইলে বেছে নিন সিল্ক, কাতান, বেনারসি শাড়ি অথবা গাউন থ্রি-পিস। রাতের সাজে প্রাধান্য দিতে পারেন ভারী মেকআপ।
চোখের সাজে মোটা করে কাজল, মাশকারা, আইলাইনারে প্রাধান্য দিন। অথবা চোখে দিতে পারেন স্মোকি লুক। মনে রাখবেন, চোখের সাজ ভারী হলে ঠোঁটে লিপস্টিকের রং হালকা বেছে নিন। গালে হালকা গোলাপি ব্লাশন দিতে পারেন।
রাতে আবহাওয়া তুলনামূক গরম কম থাকায় শাড়ির সঙ্গে মিলিয়ে চুলে ফুল, কপালে টিপ ও হাতে চুড়ি পরতে পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে পরতে পারেন গয়নাও।
ঢাকা ডেস্ক 















