পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কারাক জেলার দর্শখেলের শাহ সেলিম থানার কাছে পরিচালিত অভিযানে মোট ১৭ জন নিহত হন।
পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি বলে শনাক্ত করা হয়েছে। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, নগদ অর্থ ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়। এর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ইউরোপের আরও একটি দেশের স্বীকৃতি পেল ফিলিস্তিন
এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় বিদেশিদের উপস্থিতির বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতে একই ধরনের অভিযানে আরও কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। তাদের দাবি, ধর্মীয় শিক্ষার জন্য আফগানিস্তানে প্রবেশের পর তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন।
পাক সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ১৭ জন সদস্য নিহত হয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর বিশেষ ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) অংশ নেয়।
দুই দিনব্যাপী এ অভিযানে পাহাড়ি এলাকায় টিটিপি সদস্যদের ঘিরে ফেলা হয়। এতে ১৭ জন নিহতের পাশাপাশি অন্তত ১০ জন আহত হন। অভিযানে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।
ঢাকা ডেস্ক 








