অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইতিহাসের ওপর বোমাবর্ষণ করল ইসরায়েলি সেনারা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গাজা সিটির তুফফা এলাকায় অবস্থিত প্রায় সাড়ে সাত শতাব্দী পুরোনো আয়বাকি মসজিদে বিমান হামলা চালিয়ে মসজিদের মিনার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।
১৩ শতকের শেষ দিকে মিসরের শাসক মামলুকরা এই মসজিদ নির্মাণ করেন। শেখ আব্দুল্লাহ আল আয়বাকির স্মৃতিকে ধারণ করে এর নাম রাখা হয়েছিল আয়বাকি মসজিদ। স্থানীয়দের কাছে এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং গৌরব ও ঐতিহ্যের প্রতীক ছিল।
আরও পড়ুন : বাংলাদেশে নতুন করে আর রোহিঙ্গা প্রবেশের সুযোগ নেই : শ্রম উপদেষ্টা
২০২৩ সালে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকে গাজায় একের পর এক পুরাকীর্তি ও উপাসনালয় মুছে দিচ্ছে ইসরায়েলি হামলা। গাজার বাসিন্দাদের অভিযোগ, দখলদার বাহিনী কেবল নিরীহ মানুষ হত্যা করছে না, বরং ইচ্ছাকৃতভাবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করছে।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল। ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দুই লাখ মানুষ। এর মধ্যেও গাজা সিটিতে নতুন করে ব্যাপক আক্রমণ চালিয়ে প্রায় ১০ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
ঢাকা ডেস্ক 









