আগামী অক্টোবরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। একই সঙ্গে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১২ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।
দুর্গাপূজার অংশ হিসেবে ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার পড়ায় তিন দিনের টানা ছুটির সুযোগ মিলবে চাকরিজীবীদের।
আরও পড়ুন : জাকসু নির্বাচন নিয়ে সিইসির চ্যালেঞ্জ: “কারচুপির প্রমাণ মিললে পদত্যাগ করব”
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এতে দুর্গাপূজা ছাড়াও ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। ফলে স্কুল-কলেজ শিক্ষার্থীরা মোট ১২ দিন ক্লাস থেকে বিরতি পাবে।
অতিরিক্ত সুবিধা হিসেবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিও শিক্ষার্থীদের ছুটির তালিকায় যোগ হবে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজায় ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
ঢাকা ডেস্ক 









