বাংলাদেশের সর্বত্র সহজলভ্য একটা টক ফল চালতা। বিশেষ করে দেশের সব গ্রামেই এই চালতা অত্যন্ত জনপ্রিয় একটা ফল । চালতা ফলের ইংরেজি নাম ‘এলিফ্যান্ট অ্যাপল’, বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া ইনডিকা।
চালতায় রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’।
আর এই চালতা দিয়ে তৈরি করা যায় নানান ধরণের খাবার। যেমন চালতা ভর্তা, চালতার আচার,চালতার ডাল কিংবা চালতা মাখা ইত্যাদি।
চালতা দিয়ে তৈরি খাবারের মধ্যে চালতার আচার বেশ জনপ্রিয়।
চলুন জেনে নেই চালতার আচার তৈরির রেসিপি।
আরও পড়ুন : প্রতারণার শিকার হয়ে কিরগিজস্তান থেকে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি
তৈরি করতে যা লাগবে
চালতা- ১টি
লবণ- স্বাদমতো।
সরিষার তেল- ১/৩ কাপ
রসুন কুচি- ২ কোয়া
পাঁচফোড়ন- ২ চা চামচ
হলুদ- আধা চা চামচ
শুকনা মরিচ- ৫/৬টি
চিনি- পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
চালতার খোসা ছাড়িয়ে টুকরা করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি নিয়ে তাতে হলুদ ও লবণ দিন। এবার তাতে চালতার টুকরা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পানি ছেঁকে চালতাগুলো ঠান্ডা করে থেঁতলে নিন।
এরপর পাঁচফোড়ন ও শুকনা মরিচ হালকা টেলে নিয়ে আধাভাঙা করে গুঁড়া করুন। আচার তৈরির কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিন। এবার তাতে মরিচ ও পাঁচফোড়নের গুঁড়া দিন। এরপর দিয়ে দিন চালতার টুকরাগুলো। পরিমাণমতো চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। শুকনো হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।
ঢাকা ডেস্ক 















